মৌলভীবাজার, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওজনে কম দিয়ে বাজারজাত করার সময় ৩০০ পামঅয়েলের টিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে শহরের সেন্ট্রাল রোড থেকে টিনগুলো জব্দ করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গোলাম মাওলা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীর সুরমা অয়েল মিলস দীর্ঘদিন ধরে 'স্বাদ' ব্রান্ডের নামে পামঅয়েল টিনজাত করে জেলার বিভিন্ন বাজারে বাজারজাত করছিলো। দুপুরে তাদের একটি ট্রাকে ৩০০ টিন পামঅয়েল বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। এ সময় টিনের গায়ে ওজনের পরিমাণ ১৬ লিটার লেখা থাকলেও পরিমাপে প্রতিটি টিনে ১৪ লিটার পামঅয়েল পাওয়া যায়।"
এ ব্যাপারে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মৌলভীবাজারের ভ্রাম্যমান আদালত বিসিক শিল্পনগরীতে অভিযান পরিচালনা করবে বলে জানান গোলাম মাওলা।
বর্তমানে টিনগুলো শ্রীমঙ্গল থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১১ ঘ.
bdnews24