গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলা বাজারের একটি গহনার দোকানে হানা দিয়ে হাজার ভরি স্বর্ণ লুট করেছে ডাকাত দল। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা শনিবার সকাল-সন্ধ্যা দোকান বন্ধ রাখেন।
বাজারের মনিহার জুয়েলার্সে শুক্রবার রাতে ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছে দোকানের দুই কর্মী।
দোকান মালিক জীবন ভৌমিক সাংবাদিকদের বলেন, "রাতে ২০/২৫ জন ডাকাত বাজারের নাইটগার্ডদের বেঁধে কলাপসিবল গেটের তালা ভেঙে দোকানে ঢোকে। তারপর দোকানের কর্মচারীদের বেঁধে প্রায় ১ হাজার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা ভর্তি সিন্দুক লুট করে নিয়ে যায়।"
ডাকাতদের হামলায় দোকান কর্মচারী সুবল ও পরেশ আহত হয়েছে বলে তিনি জানান।
শনিবার সকালে গাজীপুর জেলা সদরের হাড়িনাল হানঘাটা সেতু এলাকায় ডাকাতদের ফেলে যাওয়া সিন্দুক এবং ১৯টি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।
কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় চার নাইট গার্ডসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24