ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনা জামে মসজিদের ইমাম হাফেজ ইসহাক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বায়েজিদ (২৬), নাজিমউদ্দিন (৩৫) ও উজ্জল (৩০)।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে বায়েজিদকে গোপালগঞ্জ থেকে, নাজিমউদ্দিনকে ফকিরাপুল থেকে এবং উজ্জলকে রাজধানীর বাড্ডার খিলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনজনই ইমাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ২৯ ডিসেম্বর রাতে শেওড়াপাড়া শামিম সরণির ৫৪৯/এ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় ইসহাকের অর্ধগলিত লাশ উদ্ধার করে শেরে বাংলানগর থানা পুলিশ।
নিহতের ছোট ভাই শোয়াইব পরদিন বাদি হয়ে রমনা থানায় একটি মামলা করেন।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা জানান, ইমাম ইসহাকের দূর সর্ম্পকের আত্মীয় ইলিয়াস মোল্লা চট্টগ্রামে তার লবণের কারখানাটি তাদের আরেক আত্মীয় আবদুর রহিমের কাছে বিক্রি করেন কিছুদিন আগে। রহিম একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন ওই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানেরই কর্মকর্তা।
উপ-পরিদর্শক আলী হোসেন বলেন, "ওই কারখানা কেনাবেচার ক্ষেত্রে ইসহাক ছিলেন মধ্যস্থতাকারী। আবদুর রহিম কারখানার দাম বাবদ টাকা ইলিয়াসকে দেওয়ার পর তিনি কারখানা রেজিষ্ট্রেশন করে না করে দিয়ে টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে ইসহাক তাদের দুজনকে নিয়ে আপসের চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি।"
আবদুর রহিমই ভাড়াটে লোক দিয়ে ইসহাককে হত্যা করান বলে মন্তব্য করেন তদন্ত কর্মকর্তা।
তিনি জানান, আবদুর রহিম বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/জেকে/১৭০০ ঘ.
bdnews24