সাতক্ষীরা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরায় এক চিংড়ি ঘের মালিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
দেবহাটা উপজেলার টিকেট গ্রামে এই ঘটনায় নিহত হন আব্দুল হামিদ গাইন (৪৫)। তিনি ওই গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দেবহাটা থানার ওসি আব্দুল বারী জানান, আব্দুল হামিদের সঙ্গে গ্রামের আব্দুস সবুর ও খোকনের জমি নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাতে খোকন তার ভাই আব্দুস সবুরের বাড়িতে আব্দুল হামিদকে ডেকে নিয়ে যায়।
রাত ১১ টার দিকে খোকন ও তার ভাই প্রচণ্ড মারধর করে হামিদকে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা বের হয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।
গভীর রাতে হামিদের মৃত্যু হয়।
ওসি আরো জানান, শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে খোকন তার ভাই আব্দুস সবুর পলাতক রয়েছে। নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24