২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে পিটুনি, পুলিশ প্রত্যাহার

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সহ-সভাপতিকে পিটিয়ে আহত করেছে কয়েকজন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

পঞ্চগড়, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে জেলা ছাত্রলীগ সভাপতি ও সহ-সভাপতিকে পিটিয়ে আহত করেছে কয়েকজন পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের সোনালী ব্যাংকের সামনে ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান বাদল ও সহ-সভাপতি আরাফাত হোসেনকে মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের নায়েক রকিবুল ইসলাম ও কনস্টেবল সোহেল রানাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর থানার ওসির সমন্বয়ে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা আধঘণ্টার মতো শহরের চৌরঙ্গী ট্রাফিক মোড়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের অনুরোধে অবরোধ তুলে নেয়। শুক্রবার বিকালে শহরে বিক্ষোভ করে নির্যাতনকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) স্মারকলিপি দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বিকালে আহতদের দেখতে ডিসি ও এসপি সদর হাসপাতালে যান। পঞ্চগড়ের এসপি শাহারিয়ার রহমান বলেন, এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে সোনালী ব্যাংকের সামনে আসাদুজ্জামান বাদল ও আরাফাত হোসেন সাবেক এক ছাত্রলীগ নেতার সঙ্গে আরেক ব্যক্তির বিরোধ মেটানোর চেষ্টা করছিলেন। এ সময় ব্যাংকে দায়িত্বরত চার পুলিশ ও সাদা পোশাকধারী আরো এক পুলিশ কাউকে কিছু জিজ্ঞাসা না করেই তাদের কিলঘুষি ও রাইফেলের বাট দিয়ে পেটায়। এরপর তাদের ব্যাংকের ভেতর পুলিশের থাকার স্থানে নিয়ে আরো মারধর করে। পরে সদর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। পঞ্চগড় সদর হাসপাতলে চিকিৎসাধীন আসাদুজ্জামান বাদল অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের মারধর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯১২ ঘ.