২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর কান্না দেখালো মায়ের লাশ

হবিগঞ্জের পল্লীতে সাত মাস বয়সি একটি শিশুকে কাঁদতে দেখে আশপাশে খুঁজে এক নারীর লাশ পেয়েছে গ্রামবাসী। ধারণা করা হচ্ছে, শিশুটি ওই নারীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

হবিগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের পল্লীতে সাত মাস বয়সি একটি শিশুকে কাঁদতে দেখে আশপাশে খুঁজে এক নারীর লাশ পেয়েছে গ্রামবাসী। ধারণা করা হচ্ছে, শিশুটি ওই নারীর। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। শিশুটিকে মাটিতে অর্ধেক পোঁতা অবস্থায় পাওয়া যায়। মাধবপুর উপজেলার কবিলপুর গ্রামে শুক্রবার সকালে শিশু এবং ওই নারীর লাশটি পাওয়া যায়। নিহতের বয়স আনুমানিক ২৩ বছর। স্থানীয়রা জানায়, গ্রামের মৃত সুলতান আলীর স্ত্রী শাবানা বেগম (৫৫) বাড়ির পাশের একটি জমিতে কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে শিশুটিকে পান। তার দেহ অর্ধেক মাটিতে পোঁতা ছিলো। শিশুটিকে পাওয়ার পর আশপাশে খুঁজে জমির কাছে একটি কবরস্থানের পাশে মহিলার লাশ পেয়ে থানায় খবর দেয় গ্রামবাসী। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মহিলার হাত পেছন দিক থেকে বাঁধা ছিলো, পা-ও ছিলো বাঁধা। শিশুটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরজাহান বেগমের জিম্মায় রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা খায়েরুজ্জামান জানান। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় কিংবা হত্যার কারণ- তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.