ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিআইবি'র 'বিচার বিভাগে দুর্নীতি' বিষয়ক প্রতিবেদন নির্ভরযোগ্য নয় উল্লেখ করে সুপ্রিম কোর্ট কমিটি বলেছে, এ প্রতিবেদনের উত্তর সম্বলিত প্রশ্নমালায় তারা সন্তুষ্ট নন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান টিআইবি'র প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে বলে আশা করেছিলো ওই প্রতিবেদন মূল্যায়নে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত কমিটি। তবে কমিটির সে আশা পূরণ হয়নি বলে মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, টিআইবির তথ্যের ওপর নির্ভর করে বিচার বিভাগে সম্পৃক্ত কাউকে ঘুষ বা হয়রানির সঙ্গে জরিত বলে সনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বদরুল আলম ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচার বিভাগ সম্পর্কে টিআইবির প্রতিবেদন মূল্যায়ন কমিটি মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
টিআইবি'র দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় গত ৩০ ডিসেম্বর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সেদিনই টিআইবির দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা শুরু করে।
এর আগে গত ২৮ ডিসেম্বর ওই জরিপের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত চেয়ে টিআইবিকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট। তবে তথ্য দেওয়ার পর তা অসম্পূর্ণ মনে করে বিস্তারিত তথ্য পাঠানোর জন্য ৩ জানুয়ারি টিআইবিকে দ্বিতীয় চিঠি দেওয়া হয়। এরপর টিআইবি জরিপ সংক্রান্ত সিডি পাঠালে তার ফাইল খোলা না যাওয়ায় গত ৬ জানুয়ারি তৃতীয় বারের মতো চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট।
ওই জরিপ প্রতিবেদন পর্যালোচনায় গঠিত সুপ্রিম কোর্টের করা কমিটির সঙ্গে গত ১৩ জানুয়ারি টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান আলোচনায় অংশ নেন।
সুপ্রিম কোর্ট কমিটিকে ছয়শ ৫০টি উত্তর সম্বলিত প্রশ্নামারা সরবরাহ করে টিআইবি।
'কোনো বিচারপতির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ নেই'
সুপ্রিম কোর্টের মূল্যায়ন কমিটির প্রশ্নের জবাবে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক বলেছেন, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে ঘুষ গ্রহণ বা হয়রানি করার কোনো অভিযোগ নেই।
বিচার বিভাগ দুর্নীতির টিআইবির প্রতিবেদন মূল্যায়নে সুপ্রিম কোর্ট কমিটির কাছে গত ১৩ জানুয়ারি টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই উত্তর দিয়েছিলেন।
কমিটির প্রশ্ন ছিল, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৪ বিচারপতি, তদন্ত কমিটির সদস্য হাইকোর্টের ৫ বিচারপতি ও বাকি ৮৯ বিচারপতির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ঘুষ গ্রহণের বা হয়রানির অভিযোগ আছে কি না। এ প্রশ্নের জবাবে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক বলেন, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে ঘুষ গ্রহণ বা হয়রানি করার কোন অভিযোগ নেই।
কী বলা উচিত ছিলো নিশ্চিত হতে পারেনি টিআইবি
জরিপ প্রতিবেদনে 'বিচার বিভাগ' শব্দবন্ধ ব্যবহার ঠিক হয়নি বলে দ্বিধা রেখেও মেনে নিয়েছে টিআইবি। মূল্যায়ন কমিটি'র এক প্রশ্নের উত্তরে টিআইবি জানায়, "বিচার বিভাগ শব্দের ব্যবহার হয়তো ঠিক হয়নি, এটা মেনে নিচ্ছি।"
"তবে আমাদের ঠিক কী বলা উচিত ছিলো সেটা অনেকের সঙ্গে আলোচনা করেও আমরা নিশ্চিত হতে পারছিলাম না। এখানে ঠিক কী শব্দ ব্যবহার করা উচিত ছিলো সেটা নিয়ে দ্বিধান্বিত ছিলাম।"
বিচার বিভাগ কী এবং এতে দুর্নীতি বলতে কী বোঝানো হয়েছে, কমিটির এই প্রশ্নের জবাবে তারা বলেছেন, বিচার বিভাগ বলতে বিচারক, আইনজীবী, আইনজীবীদের কেরানী ও দালালকে বোঝানো হয়েছে। বিচার বিভাগে দুর্নীতি বলতে বিচার প্রার্থীদের কাছ থেকে এর সঙ্গে জড়িত আইনজীবী, আইনজীবীদের কেরানী, দালাল, বিচারকসহ সহায়ক কর্মচারীর ঘুষ গ্রহণ ও তাদের হয়রানি করা বোঝানো হয়েছে।
কমিটির আরেক প্রশ্নের জবাবে টিআইবির দুই কর্মকর্তা বলেছেন, যে সব বিচারক, আইনজীবী, আইনজীবীর কেরানিকে খানা ঘুষ দিয়েছে সেসব দায়ী ব্যক্তিদের কোনো নাম ঠিকানা নেই।
তারা বলেছেন, আইনজীবী, আইনজীবীর কেরানি ও দালালের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগ বিচার বিভাগের সঙ্গে এক করে বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
'যুক্ত ব্যক্তিরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে'
বিচার বিভাগে দুর্নীতি নিয়ে টিআইবির ওই প্রতিবেদন দেশবাসীর কাছে বিচার বিভাগের মান মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করে সুপ্রিম কোর্ট কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এতে [এ প্রতিবেদনে] বিচারকরা দেশে ও বিদেশে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।
কমিটি বলেছে, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া সর্বোচ্চ আদালতসহ বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে টিআইবির প্রতিবেদন প্রণয়নে যুক্ত শিক্ষিত ও দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
বিচার ব্যবস্থাপনায় দুর্নীতি আছে
টিআইবি'র পাঠানো উত্তর সম্বলিত প্রশ্নমালা সুপ্রিম কোর্ট কমিটির নির্ভরযোগ্য মনে হয়নি। কমিটি এ পদ্ধতিতে সন্তুষ্টও নয়।
টিআইবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কমিটি মনে করে, টিআইবি স্পষ্টতই সমগ্র বিচার ব্যবস্থাকে বিচার বিভাগ ধরে নিয়ে ভ্রান্ত ধারণার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী, তাদের ক্লার্ক/মোহরার ও দালালরা বিচার ব্যবস্থার অংশ নন। কিন্তু টিআইবি তাদের বিচারক ও বিচারালয়ের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংযুক্ত করে বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছে।
অবশ্য টিআইবি'র প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য না থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরণের দুর্নীতি থাকার বিষয়টি অস্বীকার করে না সুপ্রিম কোর্ট কমিটি।
কমিটির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, "টিআইবি'র প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরণের দুর্নীতি যে বিরাজমান তা অস্বীকার করার উপায় নেই।"
এ [বিচার ব্যবস্থাপনায় দুর্নীতি] সম্পর্কে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে দুর্নীতি কমাতে দ্রুত চেষ্টা চালানো উচিত বলে মূল্যায়ন প্রতিবেদনে মত দিয়েছে সুপ্রিম কোর্ট কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/পিডি/২৩৪৭ ঘ.
bdnews24