২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শাসকদের নাম বদল হলেও শোষণ বদলায়নি'

দেশের শাসক শ্রেণীর নাম আর চেহারা বদল হলেও তারা স্বাধীনতার আগের মতোই শোষণ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:25 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শাসক শ্রেণীর নাম আর চেহারা বদল হলেও তারা স্বাধীনতার আগের মতোই শোষণ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আসাদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে 'বর্তমান বাংলাদেশ: প্রেক্ষিত ঊণসত্তরের গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "ঊণসত্তরের গণঅভ্যুত্থান, যার অগ্রভাগে আসাদ ছিলেন। আর মুক্তিযুদ্ধ শুধু ক্ষমতা হস্তান্তরের বিষয় ছিল না। বৈষম্যহীন 'জনগণতান্ত্রিক' রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল এর লক্ষ্য। "কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখেছি, শাসক শ্রেণীর নাম আর চেহারা ভিন্ন হলেও তারা স্বাধীনতার আগের মতোই শোষণমূলক কাজ করে যাচ্ছে। ফলে কিছু মানুষের উন্নতি হয়েছে, আর বেশির ভাগ মানুষের হয়েছে নিুগামিতা," বলেন তিনি। আসাদ দিবস পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট 'গণসংস্কৃতি ফ্রন্ট' এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসাদের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন হয়। বিকেল পাঁচটায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় 'বর্তমান বাংলাদেশ: প্রেক্ষিত উনসত্তরের গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা বলেন, 'দ্বি-দলীয় বৃত্তে' আবদ্ধ হয়ে দেশের মানুষ আসাদের আত্মত্যাগকে ভুলে গেছে। বদরুদ্দিন উমর বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। দীর্ঘদিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক শোষণের পুঞ্জিভূত ক্ষোভের কারণে এবং জনগণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে তারা যুদ্ধে অংশ নিয়েছিলেন। গণসংস্কৃতি ফ্রন্টের সভাপতি হায়দার আনোয়ার খান জুনোর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। পরে গণসংস্কৃতি ফন্টের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে পরবর্তী চারদিনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই প্রদর্শনীর আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/জেকে/২২১৩ ঘ.