২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে আটক রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। শহরের দেওভোগ ভূঁইয়ার এলাকার বাসিন্দা কামাল প্রধান বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্যাতনের অভিযোগ করে। তিনি বলেন, পাওয়ার অব অ্যাটর্নি দলিল মূলে একটি জমি কেনাবেচার ঘটনায় জেরে গত ১৫ জানুয়ারি সকাল ১১টার দিকে কাউন্সিলর শফিউদ্দিনেরর কর্মীরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। উকিলপাড়া মহিউদ্দিন স্মৃতি সংসদে আটকে রেখে শফিউদ্দিন ও তার কর্মীরা তাকে নির্যাতন করে। এরপর জোর করে তার কাছ থেকে একটি জবানবন্দি আদায় করা হয়। নির্যাতনের পর তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তার স্ত্রী আটজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেছেন। সংবাদ সম্মেলনে কামাল প্রধান, তার স্ত্রী অন্তরা প্রধান দীপা, বড় ভাই জাকির হোসেন ও বাবা আব্দুল প্রধান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কামাল জাল দলিলের মাধ্যমে অন্যের কাছে জমি বিক্রি করেছেন। এ জন্য ডেকে এনে তার কাছে বিষয়টি জানতে চেয়েছি। কোনো নির্যাতন করিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.