২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সফরের আগেই সীমান্ত বিরোধ নিষ্পত্তি

মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে একমত হয়েছে ভারত ও বাংলাদেশ। সীমান্তে হত্যা বন্ধেও প্রতিশ্রুতি পাওয়া গেছে নয়া দিল্লির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগেই সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে একমত হয়েছে ভারত ও বাংলাদেশ। সীমান্তে হত্যা বন্ধেও প্রতিশ্রুতি পাওয়া গেছে নয়া দিল্লির। পারস্পরিক সহযোগিতা জোরদারে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে দুদিনের বৈঠকের পর দুই প্রতিবেশী রাষ্ট্রের মতৈক্যের কথা যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়। ঢাকা শেরাটন হোটেলে যৌথ কার্যদলের এ বৈঠক হয়। সেখানেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও ভারতের নেতৃত্বদাতা সে দেশের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই। সোবহান সিকদার বলেন, "সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে সমাধানের ক্ষেত্রে আগামী দুই মাসের মধ্যে আমরা মতৈক্যে পৌঁছতে পারবো।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এ বছরই ঢাকা সফরে আসার কথা। এছাড়াও আসবেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। স্বরাষ্ট্র সচিব বলেন, "তাদের সফরের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব সমস্যার সমাধান করা যাবে বলে আমরা আশা করছি।" তিনি জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশিদের হত্যা বন্ধসহ সীমান্তে উত্তেজনা নিরসনে একমত হয়েছে উভয় দেশ। ভারতীয় স্বরাষ্ট্র সচিব বলেন, "বৈঠক সম্পর্কে আমার সতীর্থ বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবের বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন দিচ্ছি।" সোবহান সিকদার ও পিল্লাই দুজনই নিশ্চিত করেন, মনমোহন সিংয়ের সফরের আগে ঢাকা আসবেন চিদাম্বরম। পিল্লাই বলেন, মনমোহন সিংয় ঢাকা সফরের সময় সীমান্ত বিরোধের আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হবে। ২০০৯ সালে সীমান্তে ৫৫ জন নিহত হলেও ২০১০ সালে তা কমে ৩১ জন হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে চায় ভারত। "কিন্তু তার মানে এই নয় যে ৩১ সংখ্যা নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা এটাকে শূন্যে নামিয়ে আনতে চাই। আমরা ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো বাংলাদেশির হত্যা চাই না", বলেন পিল্লাই। এক প্রশ্নের জবানে তিনি বলেন, তার সরকার বিএসএফ'র গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। গত ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ১৫ বছরের কিশোরী ফেলানীকে হত্যা করে বিএসএফ। ফেলানীর বাবা নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের নুরুল ইসলাম নূরু ১০ বছর ধরে দিল্লিতে কাজ করেন। ফেলানী তার সঙ্গে সেখানেই থাকতো। দেশে বিয়ে ঠিক হওয়ায় সে বাবার সঙ্গে ফিরছিলো। সীমান্ত পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী চিৎকার করলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়। পরদিন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের কাছে লাশ ফেরত দেয় বিএসএফ। ভারতীয় স্বরাষ্ট্র সচিব এ ঘটনায় জড়িতদের শাস্তি প্রদানের বিষয়েও আশ্বস্ত করেন। বৈঠকে ফেলানী হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এমআই/১৬০৩ ঘ.