২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাসের সংঘর্ষস্থলে উঠে এলো তৃতীয় বাস, নিহত ১০

গাইবান্ধা-রংপুর সড়কে দুই বাসের সংঘর্ষের পর উদ্ধার কাজ চালানোর সময় আরেকটি বাস দুর্ঘটনাস্থলে উঠে এলে সব মিলিয়ে ১০ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

গাইবান্ধা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-রংপুর সড়কে দুই বাসের সংঘর্ষের পর উদ্ধার কাজ চালানোর সময় আরেকটি বাস দুর্ঘটনাস্থলে উঠে এলে সব মিলিয়ে ১০ জন মারা গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় গাইবান্ধা ও রংপুরের মাঝামাঝিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর জনতা তৃতীয় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনা কবলিত বাস তিনটি এফ কে লাইন পরিবহন, উত্তরবঙ্গ পরিবহন এবং আলিফ এন্টারপ্রাইজের। মহাসড়ক পুলিশের বড় দরগা ফাঁড়ির উপপরিদর্শক দারুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রাম ছেড়ে আসা এফ কে লাইনের বাসটি চকশোলাগাড়ী এলাকায় বিকল হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা উত্তরবঙ্গ পরিবহনের বাসটি এটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চার জন নিহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালানোর সময় রংপুর ছেড়ে আসা আলিফ এন্টারপ্রাইজের বাসটি দুর্ঘটনাস্থলে উঠে এলে উদ্ধার কাজে সম্পৃক্ত চার গ্রামবাসী মারা যায় বলে দারুল হুদা জানান। ওই সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামে স্বাধীন মিয়া (২৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ী গ্রামের আব্দুল কুদ্দুস (৫৫), একই গ্রামের রাসেল মিয়া (২২) ও একই উপজেলার সোনাতলা কবীরপুর গ্রামের রশিদুল ইসলাম (৩০), রংপুর জেলার কামালকাছনার বুলবুল (৩০) এবং রংপুরের পীরগাছা উপজেলার নাগদহ গ্রামের রাজা মিয়া (৪০)। পুলিশ কর্মকর্তা দারুল হুদা জানান, পাঁচটি লাশ পুলিশের হেফাজতে আছে এবং পাঁচটি লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৪৩ ঘ.