২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব: ৩১ জানুয়ারির মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে চলমান মামলা ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে চলমান মামলা ৩১ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপীল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয় বলে সাংবাদিকদের জানান পরাজিত প্রার্থীদের আইনজীবী আমির-উল ইসলাম। আমির-উল ইসলাম বলেন, "বিজয়ী এবং বিজিত দু'পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখাসহ আপীল বিভাগ ৩১ জানুয়ারির মধ্যে নিু আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন।" বিজয়ীদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। তাকে সাহায্য করেন ব্যরিস্টার মওদুদ আহমেদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী। অন্যদিকে এই আদেশের ফলে নির্বাচিত কমিটি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছিল সেভাবে কাজ চালিয়ে যাবেন বলে জানান বিজয়ী প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে কামালউদ্দিন সবুজ-সৈয়দ আবদাল আহমেদ পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগে ফল প্রত্যাখান করে পরাজিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল। নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন সভাপতি পদের পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম। নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে জজ আদালতের দেওয়া আদেশ রোববার স্থগিত করে হাইকোর্ট। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহার আদালত হাইকোর্টের রায় স্থগিতে পরাজিত প্রার্থীদের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। নির্বাচনে পরাজিত প্রার্থীদের আবেদনে গত ১০ জানুয়ারি ঢাকার জজ আদালত নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/১৪০৭ ঘ.