২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বুধবার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী বুধবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:11 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী বুধবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়াউর রহমান ছিলেন 'কার্যত' বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা। সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তার ঘনিষ্ট তত্ত্বাবধানে দলটি প্রতিষ্ঠা পায়। জিয়াউর রহমান ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান। ১৯৬০ সালে খালেদা খানমের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭১ সালের ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন তখনকার মেজর জিয়া। মুজিবনগর সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন তিনি। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। জিয়াউর রহামন ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হওয়ার পর ২৫ আগস্ট তিনি চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। ১৯৭৫ সালের নভেম্বরে রক্তক্ষয়ী ঘটনাপ্রবাহের পর জিয়াউর রহমান দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৯৭৬ সালের নভেম্বরে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন তিনি। ওই বছর ২১ এপ্রিল আবু সাদাত সায়েমের পরিবর্তে নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে তার তত্ত্বাবধানে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার থেকে ১৩ দিনের কর্মসূচি শুরু করেছে। প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে গণতন্ত্র, মৌলিক ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, জিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে বুধবার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় ডক্টর'স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে শেরে বাংলানগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। বেলা ২টায় মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হবে। বিএনপি চেয়ারপারসন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে রিজভী আহমেদ জানান। এছাড়া ২০ জানুয়ারি জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা, ২১ জানুয়ারি ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রা, ২২ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, ২৩ জানুয়ারি মৎস্যজীবী দলের উদ্যোগে আলোচনা সভা, ২৪ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভাসহ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৩১৭ ঘ.