সুনামগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের চার পৌরসভার মধ্যে তিনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত এবং একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ, দিরাই ও ছাতক পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যথাক্রমে আইয়ুব বখত জগলুল, আজিজুর রহমান বুলবুল ও আবুল কালাম চৌধুরী বিজয়ী হয়েছেন।
জগন্নাথপুর পৌরসভায় জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আখতারুজ্জামান।
সুনামগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কামালউদ্দিন বিশ্বাস জানান, বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত আইয়ুব বখত জগলুল (দেয়ালঘড়ি) পেয়েছেন ১৮ হাজার ১৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেরগুল আহমদ আনারস প্রতীকে পেয়েছেন আট হাজার ৭৩ ভোট।
দিরাই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুর রহমান বুলবুল (দেয়াল ঘড়ি) সাত হাজার নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুক আনারস প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৪২৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তা শামসুল হক ফল ঘোষণা করেন।
ছাতক পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সুজিত কুমার রায় জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কালাম চৌধুরী বিজয়ী হয়েছেন।
কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার ৫৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সাইফুর রহমান চৌধুরী খোকন জাহাজ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৩৮ ভোট।
জগন্নাথপুর পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আখতারুজ্জামান তালা প্রতীকে সাত হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল মোন্নাফ (টেলিভিশন) পেয়েছেন তিন হাজার ৬৮০ ভোট।
রিটার্নিং কর্মকর্তা দেবজিৎ সিংহ আখতারুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেন।
সুনামগঞ্জের চার পৌরসভার মোট ভোটের সংখ্যা ৯৭ হাজার ৯৫২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/০০৪২ ঘ.
bdnews24