ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এখতিয়ারের বাইরে গিয়ে তালিকা তৈরি করে হাইকোর্টের বেঞ্চগুলোতে মামলা বণ্টন করছেন অভিযোগ তুলে এর প্রতিবাদে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিরোধী দল সমর্থক আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা এ কর্মসূচিতে সাড়া দিয়ে শতাধিক আইনজীবী মঙ্গলবার দুপুর সোয়া ১টায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তারা প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবিতে স্লোগান দেয়।
দুপুর ২টা পর্যন্ত আইনজীবীরা সেখানে অবস্থান কর্মসূচি করে।
এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলেও এতে সরকার সমর্থক কোনো আইনজীবীকে দেখা যায়নি।
রোববার এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেন, প্রধান বিচারপতি এখতিয়ার বহির্ভূত কাজ করে উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে 'ধ্বংস' করছেন।
"একজন ব্যক্তির খামখেয়ালির কারণে উচ্চ আদালতের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে", বলেছিলেন মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৫৮ ঘ.
bdnews24