২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা: বাঁধ মেরামত শুষ্ক মৌসুমেই সম্পন্নের নির্দেশ

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শুষ্ক মৌসুমের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শুষ্ক মৌসুমের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দ্রুত মেরামত শেষ করে বাঁধে বসবাসকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। মেরামত কাজের ৯০ শতাংশ শেষ হলেও আইলা দুর্গতরা ঘরে ফিরতে পারবে না। তাই শতভাগ কাজ শেষ করতে প্রয়োজনীয় সবই করতে হবে। মঙ্গলবার খুলনা ও সাতক্ষীরা জেলার আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আব্দুল ওয়াদুদ, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী দাকোপ উপজেলার জালিয়াখালি এবং আশাশুনি প্রতাপনগরের চাকলায় বাঁধের ক্লোজারের মেরামত কাজ দেখতে যান। চাকলায় আগে দু'বার ক্লোজারের কাজ শেষ করার পরও তা ভেঙ্গে যায়। জালিয়াখালিতে জোয়ারের চাপে পানির গভীরতা বেড়ে যাওয়ায় এতদিন তা মেরামত করা সম্ভব হয়নি। গত বছরের নভেম্বর মাস থেকেই ঠিকাদাররা মেরামত কাজ শুরু করেছে। সেনাবাহিনী এ কাজের সমন্বয় করছে। জালিয়াখালিতে আব্দুর রাজ্জাক দরিদ্রদের মাঝে কম্বল এবং চাকলায় কম্বল ও খাদ্য বিতরণ করেন। এ সময় তিনি বলেন, মেরামত কাজ শেষ হলেই বাঁধে আশ্রয় নেওয়াদের ঘরে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। তাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে পরিবার প্রতি ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আইলা দুর্গতদের জন্য আবারো ভিজিএফ কর্মসূচি চালু করা হবে বলে মন্ত্রী জানান। ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় ১৬ জেলায় ঘুর্ণিঝড় আইলা আঘাত হানার পরই ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আইলায় ৬৪টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও ১৯০ জনের প্রাণহানি ঘটে। ইউএনডিপি'র পরিসংখ্যান উদ্ধৃত করে গত বছরের ২৪ জুন আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, পাঁচটি ইউনিয়নের ১৪ হাজার পরিবারের আইলা দুর্গত ৭০ হাজার মানুষ এখনো বাঁধের ওপর দিনাতিপাত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৪ ঘ.