২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের এক ভবনের কার্নিসের একাংশ ভেঙেছে

সচিবালয়ের সাত নম্বর ভবনের চতুর্থ তলার কার্নিসের একাংশ মঙ্গলবার বিকেলে ভেঙে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ের সাত নম্বর ভবনের চতুর্থ তলার কার্নিসের একাংশ মঙ্গলবার বিকেলে ভেঙে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সচিবালয়ের ভবনগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে তারা কিছু জানেন না। তবে তারা এ ব্যাপারে খোঁজ নেবেন। পুরো ভবন এবং ভবনের বিভিন্ন অংশে সংস্কার কাজের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত উল্লাহসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেল ৩টার দিকে সচিবালয়ে সাত নম্বর ভবনের দক্ষিণ দিকে চারতলার কার্নিসের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারিসহ বেশ কিছু দশনণার্থী ওই পথ দিয়ে চলাচল করছিলেন। সে সময় আতংকে সবাই সরে যান। রাস্তার ওপর খসে পড়া ঢালাইয়ের বড় বড় টুকরাগুলো বিকেল সাড়ে ৩টার দিকে সরিয়ে নেওয়া হয়। সচিবালয়ের প্রবেশমুখেই সাত নম্বর ভবনের অবস্থান। এ ভবনে রয়েছে অর্থ, শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআরডি), যুব ও ক্রীড়া ও যোগাযোগ মন্ত্রণালয়। চতুর্থ তলায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রীর দপ্তরও এখানেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/পিডি/১৯১১ ঘ.