বগুড়া, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত স্পিরিট খেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে।
উপজেলার মহাস্থানগড় পূর্বপাড়া গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিকালে এক স্পিরিট বিক্রেতাকে গ্রেপ্তার করেছেঠ।
মৃত তিনজন হলেন- মহাস্থানগড় পূর্বপাড়ার স্পিরিট বিক্রেতা লোকমান হোসেন (৪৫), ক্রেতা শাহজাহান আলী (৪২) ও আজিজার রহমান (৪১)।
শিবগঞ্জ থানার ওসি আবু মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে লোকমান, শাহজাহান, আজিজার ও ফজলুর বিষাক্ত স্পিরিট পান করে।
এতে ঘটনাস্থলেই লোকমান ও শাহজাহান মারা যায়।
"আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আজিজার ও ফজলুরকে। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজার," বলেন ওসি।
তিনি জানান, বিকালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় স্পিরিট বিক্রেতা টুকুকে (৪০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24