ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মইন উদ্দিন আহমেদ হত্যামামলায় দুই আসামির নাম রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
এরা হলেন- উত্তরা এলাকার ঝুট ব্যবসায়ী আনোয়ার কবির আজমিরি চিশতী ও বাহাউদ্দিন আহমেদ বাবুল।
সোমবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার আদালতে তাদের নাম প্রত্যাহারের আবেদন পেশ করা হয়।
গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু সাইদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই দুই আসামির নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়।
২০০৬ সালের ১৯ অগাস্ট রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ১২ নম্বর বাড়িতে খুন হন মইন উদ্দিন। বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনার পরদিন তার ছেলে সৈয়দ মুজাক্কির আহমদ ওই দুইজনসহ ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, রাস্তার উপর ঝুট কাপড় রেখে চলাচলে অসুবিধা সৃষ্টিতে বাধা দেওয়ায় মইন উদ্দিনকে হত্যা করা হয়।
দুই নম্বর দ্রুত বিচার আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর সামশুল ইসলাম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৬ জানুয়ারি নাম প্রত্যাহারের আবেদনের উপর শুনানি হবে।"
আদালতের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম শুনানি গ্রহন করবেন বলে জানান তিনি।
সামশুল ইসলাম বাদল জানান, মামলার মোট ১০ আসামির মধ্যে একজন মারা গেছে।
এছাড়া আবদুল মজিদ নামের অপর এক আসামি হত্যার দায়িত্ব স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে জানান তিনি।
এর আগে ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালত মিরপুরের ব্যবসায়ী আফতাবউদ্দিন হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎ ও তার বাহিনীর সদস্যদের নাম প্রত্যাহারের আদেশ দিলে এ নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
পরে গত ৩০ নভেম্বর আদালতের বিচারক মাহবুবুর রহমান ওই আদেশ প্রত্যাহার করে নেন। মামলাটির বিষয়ে অনুসন্ধাণের জন্য পরবর্তীতে এর নথিপত্রও তলব করে হাইকোর্ট।
এছাড়া রাজধানীর দক্ষিণ খান এলাকায় প্রকৌশলী আব্দুল হামিদ হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার আদালতে অব্যাহতি পাওয়া পাঁচ আসামিকে গত ৩ জানুয়ারি আবারো বিচারের সম্মুখীন করার আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/কেএমএস/১৭০৯ ঘ.
bdnews24