ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের বেঞ্চ পুনর্গঠনসহ বিভিন্ন দাবি পূরণে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এক ঘণ্টা প্রধান বিচারপতির কার্যালয়ে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ আল্টিমেটাম দেন।
প্রধান বিচারপতি এখতিয়ারের বাইরে গিয়ে তালিকা তৈরি করে হাইকোর্টের বেঞ্চগুলোতে মামলা বণ্টন করছেন অভিযোগ তুলে এর প্রতিবাদে তার কার্যালয়ের সামনে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিক্ষোভ করে বিরোধী দল সমর্থক আইনজীবীরা। তারা প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পদত্যাগ দাবিতে স্লোগান দেয়।
সমিতির পক্ষ থেকে এ কর্মসূচি ডাকা হলেও এতে সরকার সমর্থক কাউকে দেখা যায়নি। সমিতির নেতৃত্বে এখন রয়েছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, "এক সপ্তাহের মধ্যে বেঞ্চ পুনর্গঠন, জ্যেষ্ঠ বিচারপতিদের রিট, ফৌজদারি দেওয়ানি মামলা মোশনের সুযোগ প্রদান, মামলার দৈনন্দিন কার্যতালিকায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ বন্ধ, আগাম জামিন প্রদানের ব্যবস্থা করতে হবে।"
বিশেষ উদ্দেশে বিচার বিভাগ 'ধ্বংস' এবং আইনজীবীদের পেশা থেকে বিতাড়িত করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, "আমরা এটা প্রতিরোধ করবো।"
তিনি হাইকোর্টের বিচারপতিদের সাংবিধানিক দায়িত্ব পালনে সুযোগ দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24