ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরব আমিরাতের রাজানী আবুধাবিতে সোমবার বিকেলে হোটেল এমিরেটস প্যালেসে বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আসিফ আলি জারদারি সরকার পরিচালনাসহ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন।
জারদারি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় উত্থাপনে শেখ হাসিনার বলিষ্ঠ ও বাস্তবমুখী নেতৃত্বেরও প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম এবং আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৪৪ ঘ.
bdnews24