চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দলীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাসায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে রোববার রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, চুরি হওয়া তিনটি দামি মোবাইল ফোনসেট ও গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সংঘবদ্ধ ডাকাতদলের সর্দার মো. বিল্লাল (৪৫), জাকারিয়া ইসলাম মাসুদ (৩৬) ও মোহাম্মদ সুমন (১৮)।
গত ২৮ ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় সাংসদ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেনের বাসায় ডাকাতি হয়। ডাকাতরা গাড়ির যন্ত্রাংশ, মোবাইল ফোনসেটসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় মোশাররফ হোসেনের ব্যক্তিগত গাড়িচালক অমর দে বাদি হয়ে চট্টগ্রাম কোতয়ালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ গাড়ি ও এর যন্ত্রাংশ চুরির সঙ্গে যুক্ত।
এরা বিভিন্ন এলাকায় গাড়ির দামি যন্ত্রাংশ চুরি করে তা বিভিন্ন দোকানে বিক্রি করে। এ ছাড়া যন্ত্রাংশ চুরির পর গাড়ির মালিককে ভয় দেখিয়ে সংশ্লিষ্ট গাড়ি কমদামে কিনেও নেয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শুক্রবার বিকালে ঢাকার বারডেম হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনার মূল হোতা বিল্লাল ও তার ব্যক্তিগত গাড়িচালক মাসুদকে গ্রেপ্তার করা হয়। মোশাররফ হোসেনের বাসা থেকে ডাকাতি হওয়া হওয়া দুটি মোবাইল ফোনসেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে অপর আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।
সদীপ জানান, গ্রেপ্তার হওয়া বিল্লালের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় গাড়ি চুরি ও ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। অপর আসামি সুমন গাড়ি চুরির ঘটনায় আগেও দুইবার গ্রেপ্তার হয়েছিল।
সাংসদ মোশাররফের বাড়িতে ডাকাতির ঘটনায় আরো তিন সদস্য যুক্ত ছিলো বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে এসআই সদীপ জানান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/সিএম/এমসি/এমইউএস/কেএমএস/১৯১৯ ঘ.
bdnews24