ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে পরিণত করতে হলে দেশে পানির বিভিন্ন উৎস ও বন্যার পানির যথাযথ ব্যবস্থাপনা করতে হবে। তা না হলে কৃষি ক্ষেত্রে উন্নতি সাধন ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যমুনা-মেঘনা রিভার ইরোশন মিটিগেশন প্রজেক্ট (জেএমআরইএমপি) এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) যৌথভাবে 'নদী সুরক্ষা পদ্ধতি: নকশা ও বাস্তবায়ন' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
রমেশ চন্দ্র সেন বলেন, "বাংলাদেশে বিভিন্ন উৎস্য থেকে পানির পরিমাণ প্রতিনিয়ত কমে যাচ্ছে। এ পানির যথাযথ ব্যবহার হয় না। যথাযথ ব্যবহার হয় না বন্যার পানিরও। এসব উৎস্য থেকে পাওয়া পানির যথাযথ ব্যবহার করতে হবে।
এজন্য পানিসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
মন্ত্রী বলেন, "নদী দূষণ রোধ ও নাব্যতা বাড়াতে সরকার দেশব্যাপী নদী-খনন কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার উন্নয়নে কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।"
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে পানিসম্পদ সচিব শেখ ওয়াহিদ উজ জামান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ইউনিট প্রধান স্টিফান একুলান্ড ও জেএমআরইএমপি'র প্রকল্প পরিচালক আব্দুল কুদ্দুস এতে বক্তব্য রাখেন।
এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন নদী প্রশিক্ষণ ও তীর রক্ষা বিশেষজ্ঞ মুখলেস উজ জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৪৩ ঘ.
bdnews24