২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার পর লাশ পুড়িয়ে দিলো সন্ত্রাসীরা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক কলেজ ছাত্রের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নাটোর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক কলেজ ছাত্রের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে ভবানিপুর ইক্ষু খামারের একটি জমির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মুখমণ্ডল বিকৃত ছিলো। হত্যার পর তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে তাকে হত্যার কারণ জানা যায়নি। বাগাতিপাড়া উপজেলার তমালতলা গ্রামের স্কুল শিক্ষক আফছার আলী লাশটি তার ছেলে রবিনের (১৭) বলে সনাক্ত করেন। রবিন বাগাতিপাড়া ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরনের কাপড়, হাতের আংটি ও একটি বাইসাইকেলের চাবি দেখে তিনি লাশটি সনাক্ত করেন। স্কুল শিক্ষক আফছার আলী বলেন, রবিন রোববার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে তিনি বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়রি করতে যেয়ে এই লাশের খবর পান। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিনকে বাগাতিপাড়া থানা এলাকা থেকে অপহরণের পর বড়াইগ্রাম এনে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩০ ঘ.