সাভার, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে দায়িত্বরত আর্মড পুলিশের এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম জানান, দায়িত্বরত আর্মড পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বিএনপি সমর্থিত রেফাত উল্লার ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এক সমর্থক ওই ছবি মোবাইল ফোনে ধারণ করে। পরে ধারণকৃত ছবি দেখে তাৎক্ষণিক ওই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন পুলিশ সুপার ইকবাল বাহার।
ঘটনা তদন্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, এ কেন্দ্রে ২২৪৬ জন ভোটার রয়েছেন। দুপুর দেড়টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৫০ ঘ.
bdnews24