২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি সদস্য খুন

নড়াইলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নড়াইল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাজ্জাদ হোসেন (৪২) কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি কালিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাত ১০টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তার ওপর হামলা হয়। হামলায় আহত হয়েছেন আরো তিন জন। নিহত সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মোঃ মোজাহের হোসেনের পুত্র। কালিয়া থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য নিয়ে সাজ্জাদের সঙ্গে চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্লার বিরোধ ছিলো। এ জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে রবিউল মোল্লার সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে সাজ্জাদের ওপর হামলা চালায়। ওই সময় সাজ্জাদকে বাঁচাতে গিয়ে আহত হয় অন্য তিন জন। গুরুতর আহত সাজ্জাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আহত সবুজ মোল্লাকে (১৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হিরণ মোল্লা (৩৫) ও জান্নাত মোল্লাকে (৪০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা হচ্ছে বলে ওসি জানান। তবে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.