ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের 'সন্ত্রাসীরা' গত দুই বছরে ছাত্রদলের ওপর ১৪ শ' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান।
রোববার দুপুরে রাজধানীতে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দুই বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ৭ হাজার নেতাকর্মী। দেড়শতাধিক নেতা-কর্মী পঙ্গু হয়ে গেছেন। পুলিশ সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।"
এই সময়ে 'অসংখ্য' নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য তারিফুর রহমান অনু হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, ''মেধাবী অনু আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিমর্মভাবে খুন হয়েছে। হত্যাকারীরা এখন অনুর পরিবার ও মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে। ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছেন।''
অনুর হত্যাকারীদের অবিলম্বে গ্র্রেপ্তার করা না হলে ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে ঘোষণা দেন টুকু।
গত ১ জানুয়ারি পিরোজপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে কাউখালী ফেরার পথে তারিফুর রহমান অনুকে অপহরণের পর হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24