২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের নতুন কমিটির পক্ষে হাইকোর্টের আদেশ

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে নতুন কমিটির দায়িত্ব পালনে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। ফলে নতুন কমিটির দায়িত্ব পালনে আর বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। নির্বাচনে পরাজিত প্রার্থীদের আবেদনে গত ১০ জানুয়ারি ঢাকার জজ আদালত নতুন কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিরুদ্ধে নতুন কমিটির আবেদনে রোববার হাইকোর্টের বিচারপতি মীর হাশমত আলীর একক বেঞ্চ জজ আদালতের আদেশ স্থগিত করেন। নবনির্বাচিত সভাপতি কামালউদ্দিন সবুজের আইনজীবীদের মধ্যে শুনানিতে ছিলেন টিএইচ খান, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী প্রমুখ। এর মধ্যে আফজাল এইচ খান সাংবাদিকদের বলেন, "আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জজ কোর্টের আদেশ স্থগিত করেছেন। এর ফলে নতুন কমিটির দায়িত্ব পালনে আর বাধা রইলো না।" গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে কামালউদ্দিন সবুজ-সৈয়দ আবদাল আহমেদ পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল। নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন পরাজিত সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম। শুনানি শেষে জজ আদালতের বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩৫ ঘ.