ঝিনাইদহ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের পল্লীতে অভিযান চালিয়ে আটটি বোমা এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শনিবার রাতে সদর উপজেলার বাড়িবাথান গ্রাম থেকে বোমা ও অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে র্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক রেজাউল করিম জানিয়েছেন।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় দুটি শাটারগান, একটি পাইপগান এবং রাইফেলের ৩ রাউন্ড গুলি।
সহকারী পুলিশ সুপার রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা ও অস্ত্র নিয়ে বাড়িবাথান গ্রামের মাঠে সন্ত্রাসীদের জড়ো হওয়ার খবর পেয়ে র্যাবের একটি দল রাত ১১টার দিকে সেখানে অভিযানে যায়। র্যাব সদস্যদের দেখে সন্ত্রাসীরা অস্ত্র ও বোমা ফেলে পালিয়ে যায়।
অস্ত্র ও বোমাগুলো মাঠেই পাওয়া গেছে জানিয়ে র্যাব কর্মকর্তা রেজাউল বলেন, অস্ত্রগুলো হাত বদলের জন্য হয়তো সেখানে নিয়ে সন্ত্রাসীরা অপেক্ষা করছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.
bdnews24