ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন রোববার। তার সঙ্গে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল থাকছে।
দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতেই প্রধানমন্ত্রীর এ সফর। সফরে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সঙ্গে আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের একটি সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
দেশটিতে পাঁচ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। সেদেশে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে গত অর্থবছর একশ ৮০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ।
আরব আমিরাতে সেদেশের মন্ত্রী ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে (বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলন) ভাষণ দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩০৭ ঘ.
bdnews24