ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীণাধীন 'স্বাধীনতা স্তম্ভ'-এর প্রথম পর্যায়ের স্থাপনাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ৭ মার্চ।
প্রথম পর্যায়ের স্থাপনার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ভূ-গর্ভস্থ জাদুঘর, প্লাজা, জলাধার, শিখা চিরন্তন ও দু'হাজার আসন বিশিষ্ট উন্মুক্ত মঞ্চ।
শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ের কাজসহ সম্পূর্ণ প্রকল্প ২০১২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে এতে জানানো হয়।
দ্বিতীয় পর্যায়ের স্থাপনার মধ্যে রয়েছে ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের স্থান, হানাদার বাহিনীর আত্মসমপর্ণের স্থান এবং গ্লাস টাওয়ার ইত্যাদি।
শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থান এবং পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানসহ অন্য ঐতিহাসিক স্থান সংরক্ষণে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২২৩৮ ঘ.
bdnews24