২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মানিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার সুহৃদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা/খুলনা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার রাজধানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার সুহৃদরা। মানিক সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'আমরা মানিক সাহার সুহৃদরা' এই ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মানবাধিকার কর্মী, সাংবাদিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "অপসংস্কৃতি ও ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠ ছিলেন মানিক সাহা। তার খুনী ও এই খুনের নেপথ্যে গডফাদারদের সনাক্ত, গ্রেপ্তার ও বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে প্রকৃত খুনীদের গ্রেপ্তার ও বিচার করতে পারলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।" গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান বলেন, "দীর্ঘ সাত বছরেও পৈশাচিক এ হত্যাকাণ্ডের বিচার করতে না পারায় বিগত সরকারগুলো ব্যর্থতা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।" বাংলাদেশ কৃষক সমিতির নির্বাহী সভাপতি এস এম এ সবুর বলেন, "মানিক সাহা ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা এ দেশের সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা ও পরিবেশ আন্দোলনের সাহসী কলমযোদ্ধা।" ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন মানিক সাহা। তিনি দৈনিক সংবাদ ও নিউ এজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ছিলেন। সমাবেশে আরো বক্তব্য দেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সাংবাদিক আশীষ কুমার দে। মানিক সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব চত্বরে এক শোক সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ আবু হাসান। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তার স্মরণে বক্তব্য রাখেন। এছাড়া বিকাল ৪টায় মানিক সাহার পরিবারের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং শিববাড়ী মন্দিরে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিকালে আরো একটি স্মরণ সভার আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৩১৯ ঘ.