২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত কমছে, দুর্ভোগ কাটেনি

শীতের তীব্রতা কিছুটা কমলেও দুর্ভোগ এখনো কাটেনি। চরাঞ্চলসহ দেশে বিভিন্ন এলাকায় শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 04:27 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতের তীব্রতা কিছুটা কমলেও দুর্ভোগ এখনো কাটেনি। চরাঞ্চলসহ দেশে বিভিন্ন এলাকায় শীতজনিত নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ রয়েছে। হাসপাতালগুলো জানিয়েছে, সর্দি-কাশিসহ বিভিন্ন উৎসর্গ নিয়ে লোকজন চিকিৎসা নিতে আসছে। নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগীও বেড়েছে। শুক্রবার লালমনিরহাট ও নওগাঁয় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতের পর সপ্তাহের শেষ দিনে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি হবে বলেও আভাস মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে থাকায় শীতের তীব্রতা কমতে শুরু করেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। তাপমাত্রা বাড়তে থাকলেও উত্তরী হাওয়া ও ঘন কুয়াশায় শীত অনুভূত হচ্ছে বলে অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি জানান, দেশের উত্তরাঞ্চলে জানুয়ারি মাসে আরো কিছুদিন মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর; লালমনিরহাট: শীতজনিত রোগে বৃহস্পতিবার রাত ও শুক্রবার তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে আকান্ত শতাধিক রোগী ভর্তি হয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, শুক্রবার তার এলাকার বারো ঘরিয়া গ্রামের আছিয়া বেগম (৬৫) নামের একজন মারা গেছেন। একই দিন কালিগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, তার এলাকার চর বৈরাতি গ্রামে কুদ্দুস মিয়া (৫২) নামে একজন মারা গেছেন। অন্যদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের দুই বছরের শিশু মরিয়ম নিউমোনিয়ায় মারা গেছে। কালিগঞ্জের চর ভোটমারী এলাকার ভুল্লু দাস (৫০), আমিনগঞ্জ চরের আহাদুল (৪৫), গেগড়া গ্রামের মহাফেজ (৬০), দেনজান বেগম (৫৫), কচির আলী (৬২), রমিচা (৪৭) জানান, শীতবস্ত্রের অভাবে তারা বাইরে বের হতে পারছেন না। কাজ করতে না পারায় তাদের না খেয়ে থাকতে হচ্ছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুকান্ত কুমার রায় জানান, প্রতিদিন গড়ে সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত ৮-১০ জন রোগী হাসপাতালে আসছে। এদের বেশির ভাগ শিশু ও বৃদ্ধ। লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গৌতম কুমার জানান, গত দুদিনে প্রায় ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছুর রহমান সরকার জানান, ইতোমধ্যে পাঁচ উপজেলার শীতার্ত মানুষের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো শীত বস্ত্র চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নওগাঁ: ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গত কয়েক দিনের অব্যাহত শৈত প্রবাহের কারণে শ্রমজীবী মানুষ পড়েছে চরম বেকায়দায়। গত এক সপ্তাহে শীতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার অনেক রোগী ভর্তি হয়েছে। শুক্রবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা গ্রামে অহিমন নেছা (৬৫) নামের এক নারী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. সোলায়মান-আল ফারুক জানান, আক্রান্ত রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা সবচেয়ে বেশি। মাদারীপুর: তীব্র শীতের কারণে শিবচর উপজেলায় পদ্মার চরাঞ্চলের মানুষ দুর্দশার মধ্যে রয়েছে। শুক্রবার চরজানাজাত ঘুরে দেখা গেছে, সব বয়সের মানুষ খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। পঞ্চাশোর্ধ্ব করিমন বিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোরা থাহি ভাই চরে, মোগে কতা বেবাককে কয় পরে। তয় এ্যহন আর পরে কয় না। আগে মধ্যে মধ্যে টাউন থেইক্যা মাইনষেরা আইয়া মোগে গরম জামা দিতো। হেরা এহন আর আহে না।" চরজানাজাতের আরেক বাসিন্দা আলেয়া বেগম জানালেন, এই চরের মানুষ সবাই গরীব। আর নদীর এলাকা হওয়ায় শীতও বেশি। ঠাণ্ডার কারণে ছেলেপেলে নিয়ে রাতে না ঘুমিয়ে আগুন জ্বালিয়ে বসে থাকতে হয়। চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, প্রতি বছর শীতে চরাঞ্চলের হতদরিদ্র মানুষের জন্য সরকারি ভাবে শীতবস্ত্র বরাদ্দ করা হয়। কিন্তু এ বছর এখনো কোন শীতবস্ত্র আসেনি। নীলফামারী: গত ছয়দিন ঘন কুয়াশার কারণে নীলফামারীতে সূর্য দেখা যায়নি। সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। চলে সকাল পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, জেলায় দরিদ্র মানুষের সংখ্যা কমপক্ষে সাড়ে তিন লাখ। তাদের জন্য যথেষ্ট সরকারি বরাদ্দ নেই। জেলা প্রশাসক জিল্লুর রহমান জানান, ১০ হাজার শীতবস্ত্র চেয়ে ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তরের জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। পাবনা: গত তিনদিন ধরে পাবনায় সূর্যের মুখ দেখা যায়নি। ফলে শিশু ও বৃদ্ধদের জন্য ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। গরমের কাপড় কিনতে মানুষজন দোকানে ভিড় করছে। দিনাজপুর: শুক্রবার রাত সাড়ে ৮টার পর হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো জেলা শহর। রাত ৯টার পর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাইরে থাকা মানুষ দ্রুত ঘরে ফিরে যায়। স্থানীয়রা বলছে, এ রকম কুয়াশা আর দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.