২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাসে নিহত ১০ বাংলাদেশির মৃতদেহ ঢাকা পৌঁছেছে

মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির লাশ শুক্রবার রাতে ঢাকা পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির লাশ শুক্রবার রাতে ঢাকা পৌঁছেছে। রাত পৌনে নয়টায় কফিনবাহী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজটি হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এখন স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা জোন) ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ভালো থাকায় সহজেই আমরা লাশগুলো আনতে পেরেছি। নিহতদের প্রত্যেকের বীমা করা ছিল। বীমার চুক্তি অনুযায়ী তাদের পরিবার নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে।" এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে নিহতদের মধ্যে সাতজন ব্রাহ্মণবাড়িয়া এবং বাকিরা কুমিল্লা জেলার অধিবাসী। ব্রাহ্মণবাড়িয়ার সাতজন হলেন সোলাবাড়িয়া গ্রামের সাকাইতি ইউনিয়নের আলি আবজালের ছেলে আকতার, কসবার সাইদাবাদ গ্রামের ইউসুফের ছেলে আল মামুন ও আব্দুল হাকিমের ছেলে মোস্তাফিজুর রহমান, মুকুন্দপুরের গোয়ালনগর গ্রামের তাহের মিয়ার ছেলে জয় হোসেন, আশুগঞ্জের বাহাদুরাপুরের দুর্গাপুর গ্রামের আলী আফজালের ছেলে রকিবুল হাসান, আখাউড়ার গঙ্গাসাগরের নিলাখাদ গ্রামের রশিদ মিয়া রহমানের ছেলে মোহাম্মদ সাইদুর ও কসবার চান্দহারের চকচন্দ্রপুর গ্রামের জাজু মিয়ার ছেলে সাগর। কুমিল্লার তিনজন হলেন তিতাস উপজেলার নারান্দি ইউনিয়নের সুকান্দা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাহিদুল ও সোনাকান্দা গ্রামের মনু মোল্লার চেলে মোক্তার এবং কারিকান্দি ইউনিয়নের বান্দারামপুর গ্রামের রেনু মিয়ার ছেলে সেলিম। মরিশাস সরকার এরই মধ্যে নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। গত বুধবার সঁত জুলিয়েঁ দ্য অতমাঁ অঞ্চলে মালবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ওই ১০ বাংলাদেশি নিহত হন। এ সময় মরিশাসের নাগরিক মিনিবাসের চালকও নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসআইএম/এএল/এইচএ/২০৫৮ ঘ.