২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধান অতিথি না করায় মেলায় হামলা'

প্রধান অতিথি না করায় নেত্রকোনায় একটি সংস্কৃতি মেলায় হামলার অভিযোগ উঠেছে সরকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নেত্রকোনা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান অতিথি না করায় নেত্রকোনায় একটি সংস্কৃতি মেলায় হামলার অভিযোগ উঠেছে সরকার দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সকালে এ ঘটনার পর কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের পাড়া দুর্গাপুর গ্রামে এই লোকজ ও সংস্কৃতি মেলা পণ্ড হয়ে যায়। বৃহস্পতি ও শুক্রবার দু'দিনের এই মেলায় গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি চারুকলা প্রদর্শনী ও পিঠাপুলি উৎসবের আয়োজন করে বাঁশরীয়া সংস্কৃতি সংঘ। বাঁশরীয়া সংস্কৃতি সংঘের সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অপু উকিলকে প্রধান অতিথি করে পোস্টার ছাপানো হয়। প্রধান অতিথি না করায় স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর সমর্থকরা সকালে মেলার মঞ্চ ও বিভিন্ন স্টল ভাংচুর করে মেলা পণ্ড করে দেয়। গত ১৪ বছর থেকে তারা পাড়া দুর্গাপুর গ্রামে এই মেলার আয়োজন করে আসছেন বলে তিনি জানান। কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.