লন্ডন, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোর করে বিয়ে ও ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে ধরিয়ে দিতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পুলিশ বলছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মনির আবদুল কাশিম বলে জানা গেলেও এটি তার প্রকৃত নাম নাও হতে পারে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ঘটনার শিকার ১৭ বছর বয়সী ওই কিশোরীকে ২০০৯ সালের ২৬ জুন পুলিশ ডেকে পাঠায়। পুলিশের কাছে সে জানিয়েছে, বিয়ের সম্মতি ছাড়াই তার বিয়ের আয়োজন করা হয়েছিলো।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে মেয়েটিকে বিয়েতে বাধ্য করা হয়। লন্ডনের টাওয়ার হ্যামলেটস-এ বিয়ের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছিলো।
কিশোরীর অভিযোগ, তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে।
মেট্রোপলিটান পুলিশ সার্ভিসের চাইল্ড অ্যাবিউস ইনভেস্টিগেশন টিম এর অনুন্ধানে বেরিয়ে এসেছে, ধর্ষণের শিকার ওই কিশোরীর ১২ বছর বয়সী বোনকেও যৌন নিপীড়ন করেছে কাশিম।
গত ১৮ মাস ব্যাপক অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, কাশিম যুক্তরাজ্যে তার স্বজনদের কাছে লুকিয়ে আছে। বার্মিংহামের কারো কারো সঙ্গে তার যোগাযোগ থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএল/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24