২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহী'সহ দুই দলের ফারাক এক কদম

দেশের আড়াই শতাধিক মেয়াদোত্তীর্ণ পৌরসভার প্রায় অর্ধেকে মেয়র নির্বাচিত হয়ে গেছে। এরমধ্যে বিরোধী দল বিএনপি সমর্থিত মেয়রের সংখ্যা ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ছয়টি বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 08:39 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের আড়াই শতাধিক মেয়াদোত্তীর্ণ পৌরসভার প্রায় অর্ধেকে মেয়র নির্বাচিত হয়ে গেছে। এরমধ্যে বিরোধী দল বিএনপি সমর্থিত মেয়রের সংখ্যা ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে ছয়টি বেশি। তবে ভোটযুদ্ধে নির্বাচিত 'বিদ্রোহী'দের নিয়ে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে দুই দলের ব্যবধান মাত্র এক কদম। গত দুদিনে দেশের ১২১ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জিতেছে ৪৬ পৌরসভায়। সঙ্গে আরো সাত পৌরসভায় 'বিদ্রোহী' প্রার্থী'র নির্বাচিতদের নিয়ে দলটির মেয়র সংখ্যা দাঁড়ায় ৫৩। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৪০ প্রার্থী জিতেছে মেয়র পদে। আরো ১২ পৌরসভায় দলটির 'বিদ্রোহী' প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। এ হিসাবে তাদের মেয়র সংখ্যা দাঁড়ায় ৫২। শরীক জোট নিয়েও এগিয়ে রয়েছে বিএনপি। বিদ্রোহী ও শরীক জামায়াত নিয়ে বিএনপি জোটের মেয়র দাঁড়ায় ৫৮। পক্ষান্তরে জাতীয় পার্টি (এরশাদ) ও বিদ্রোহীদের নিয়ে আওয়ামী লীগের মেয়র সংখ্যা ৫৪। অবশ্য প্রধান দুই দলের শরীক দল দুটোর (জাতীয় পার্টি ও জামায়াত) সমর্থিত কোনো প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেননি বৃহস্পতিবার খুলনা ও বরিশালে। আগের দিন রাজশাহী ও রংপুরের নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত দুজন এবং জামায়াত সমর্থিত পাঁচজন মেয়র নির্বাচিত হয়েছেন। চার বিভাগ সম্পন্ন: রইল বাকি তিন ঘোষিত তফসিল অনুযায়ী- ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি পর্যায়ক্রমে বিভাগভিত্তিক দেশের ২৪৩ পৌরসভায় নির্বাচন। বুধবার রংপুরের ২৩ ও রাজশাহীর ৪৯ পৌরসভার নির্বাচন হয়। বৃহস্পতিবার বরিশালের ১৯ ও খুলনার ৩০ পৌরসভায় নির্বাচন হয়েছে। ঢাকার ৬৩ এবং সিলেটের ১৬ ও চট্টগ্রামের ৪৩ পৌরসভার নির্বাচন বাকি রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ১৭ জেলায় নির্বাচন হবে আগামী সোমবার। সিলেটের চার জেলা এবং চট্টগ্রামের নয় জেলায় হবে পরদিন। ২৭ জানুয়ারি পুনতফসিল হওয়া ১৪ পৌরসভায় নির্বাচন হবে। চার বিভাগের নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপি। ১২১টি মেয়র পদের মধ্যে বিএনপি সমর্থিত ৪৬ মেয়র আর আওয়ামী লীগ সমর্থিত মেয়র ৪০। এছাড়া দুই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মেয়র হয়েছেন ১৯ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১২, বিএনপির সাতজন। স্বতন্ত্র প্রার্থী নয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। বরিশাল ও খুলনা বিভাগ: বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচিত মেয়রদের মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিতদের চেয়ে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা। এই দুই বিভাগের নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় রয়েছে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে অবশ্য এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। এ দুই বিভাগে ক্ষমতাসীন ও বিরোধীদলের শরীক যথাক্রমে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াত সমর্থিত কোনো প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেননি। তবে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। রাজশাহী ও রংপুর বিভাগ: বুধবার দুই বিভাগের পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে সামান্য এগিয়ে ছিলো বিএনপি সমর্থিত প্রার্থীরা। ওই দুই বিভাগে বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০২৩৫ ঘ.