লালমনিরহাট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন পরাজিত মেয়র প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল।
বৃহস্পতিবার বিকালে তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
বুধবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শমসের আলী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পান ৩ হাজার ৯৮৩ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ওপেল আনারস প্রতীক নিয়ে পান ৩ হাজার ৯৫৪ ভোট।
মাত্র ২৯ ভোটে তিনি পরাজিত হন।
সংবাদ সম্মেলনে মোস্তফা সালাউজ্জামান ওপেল নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে তার ব্যালট অন্য প্রতীকের সঙ্গে ঢুকিয়ে গণনা করা হয়েছে।
পাটগ্রামের ইউএনও ও রির্টানিং কর্মকর্তা হারুন-অর-রশিদ ফল প্রত্যাখানের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24