ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক দিনমজুর যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মাথায় আঘাত ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দিনমজুর যুবকের লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিকের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে বেশ কিছুদিন ধরে চার দিনমজুর থাকছিলেন। তবে ঘটনার পর থেকে বাকি তিনজন পলাতক রয়েছে।
পুলিশের ধারণা, ওই তিনজনই এ ঘটনার সঙ্গে জড়িত।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১০ ঘ.
bdnews24