ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া, চাঁদপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে বগুড়ায় বৃহস্পতিবার বিকালে তিনজন এবং চাঁদপুর ও গোপালগঞ্জে বুধবার একজন করে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, বিকাল সাড়ে ৪টায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে সদর উপজেলার ছাতিয়ানতলায় দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার নারুলি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল আজিজ বলেন, সারিয়াকান্দি থেকে বগুড়ামুখী একটি মাল বোঝাই ট্রাক ছাতিয়ানতলা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বুধবার রাতে ট্রাক চাপায় মারা যান সেলিম (৩৯) নামের এক পথচারী।
তার বাড়ি উপজেলার কাশিমনগর গ্রামে।
মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার বলেন, রাতে বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে বুধবার রাতে বাসচাপায় নিহত হন আহাদ আলী (১৮) নামে এক পথচারী।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘোনাপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই আহাদ মারা যান।
তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.
bdnews24