২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেন্দিগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জন

মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন বর্জন করে আবার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাবুদ্দিন হিমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরিশাল, ১৩ জানুয়ারী (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচন বর্জন করে আবার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহাবুদ্দিন হিমু। তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে ভোট কেন্দ্র দখল, তার এজেন্ট বের করে দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই ও ভোটারদের ভয় দেখানোসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বয়কট করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেল ৪টায় বরিশাল জেলা বিএনপি'র কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে শাহাবুদ্দিন আবার নির্বাচন দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার পর স্বেচ্ছাসেবক লীগ পঙ্কজ দেবনাথের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর কেন্দ্রে প্রবেশ করে। তার এজেন্ট রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী কামালউদ্দিন খানের প্রতীক উড়োজাহাজে সিল মেরে বাক্স ভর্তি করে তারা। খবর পেয়ে তিনি ও রিটার্নিং কর্মকর্তা ইউএনও বদরুল হক ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। কিন্তু রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা না নিয়ে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে তাকে শান্ত থাকার পরামর্শ দেন। এরপর একে একে পাচটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শাহাবুদ্দিন দাবি করেন, তিনি অভিযোগ করলেও তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি অভিযোগ ও নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা বদরুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সামান্য ঝামেলা হয়েছিলো, সেটা তাৎক্ষণিকভাবে মিটিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজন বলেন, "আমি একজন ভোটার। ভোট দিতে কেন্দ্রে গিয়েছি।" তিনি বিএনপি সমর্থিত প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন। পরাজয় জেনে তারা এসব অভিযোগ করছে। এদিকে, বাকেরগঞ্জে জাতীয় পাটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সরকারদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন তালুকদারকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টায় বাকেরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে যেতে চাইলে র‌্যাবের একটি দল তাদের বাধা দেয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি রবিউল হক বলেন, তাদের যথাযথ সম্মানের দেখিয়ে থানায় আনা হয়। কিছুক্ষণ অবস্থানের পর তারা বাসায় চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.