কুমিল্লা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়ায় একটি যাত্রীবাহী বাস ও আলু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের ওই দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। তাদেরকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে বুধবার রাতে এক ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো বলেও জানান নন্দন কান্তি।
কুমিল্লা পুলিশের ডিআইও-ওয়ান (ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার-১) মহিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কের দাউদকন্দি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১৪০৭ ঘ.
bdnews24