মুন্সীগঞ্জ/মানিকগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় উভয় পাড়ে জমে আছে দক্ষিণাঞ্চলগামী অনেক গাড়ি। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ ছিলো সাত ঘণ্টা।
মুন্সীগঞ্জের মাওয়া এবং মাদারীপুরের কাওড়াকান্দি ছেড়ে আসা ছয়টি ফেরি ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে বৃহস্পতিবার রাত ২টায় মাঝনদীতে নোঙর করে। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১১টায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
আটকে পড়া ফেরিগুলোও ঘাটে ভিড়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
"কুয়াশার মাত্রা এতটাই ছিলো যে পদ্মায় এক গজ দূরের কিছুও দেখা যাচ্ছিলো না", বলেন সিরাজুল।
ফেরি চলাচল শুরু হলেও দুই ঘাটে কয়েকশ গাড়ি আটকে পড়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। একই অবস্থা মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও।
ওই নৌরুটে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত বন্ধ ছিলো। বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ওই সময়ে পাঁচটি ফেরি মাঝনদীতে নোঙর করে ছিলো বলে তিনি জানান। সকালে কুয়াশা কাটার পর সেগুলো ঘাটে ভেড়ে।
সাত ঘণ্টা পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন প্রায় চার কিলোমিটার দীর্ঘ হয়েছে। যাত্রীবাহী বাস ও জরুরি কাজে নিয়োজিত গাড়িগুলোকে আগে পারাপার করা হচ্ছে বলে এরশাদ জানান।
কুয়াশার কারণে সপ্তাহ খানেক ধরেই ভোররাত থেকে মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24