ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে রাজধানীর রমনা থানায় আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন ম্যাজিষ্ট্রেট আনোয়ার পাশা।
রমনা থানার ওসি শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মৌচাক টাওয়ারের সামনে ইয়াবা বিক্রির সময় মেহেদি হাসান (২৫) নামের ওই যুবককে রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ম্যাজিষ্ট্রেট আনোয়ার পাশা রমনা থানায় এসে মাদক ব্যবসায় ওই যুবকের জড়িত থাকার প্রমাণ পান। তাৎক্ষণিক রায়ে তাকে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ওসি নোমান বলেন, মাদক ব্যবসার অভিযোগে যারাই গ্রেপ্তার হয়, কিছূদিন পর জামিনে বেরিয়ে এসে পুনরায় এই ব্যবসা শুরু করে। এ কারণে আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ দেন।
মেহেদি হাসানকে রাতেই জেলহাজতে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০৪০ ঘ.
bdnews24