২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী পরিবেশে ইসি সন্তুষ্ট, সজাগ

রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট ইসি। একইসঙ্গে পরবর্তী পৌরসভাগুলোর নির্বাচনে ভোটাররা যেন বাধা না পায় সে বিষয়ে ইসি সজাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট ইসি। একইসঙ্গে পরবর্তী পৌরসভাগুলোর নির্বাচনে ভোটাররা যেন বাধা না পায় সে বিষয়ে ইসি সজাগ। রংপুর ও রাজশাহীর মতো অন্য এলাকায়ও শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা প্রকাশ করেছেন বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বুধবার প্রথম দফায় ৭২ পৌরসভার নির্বাচন শেষে ভোট গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, "অত্যন্ত ভালো ও সুন্দর নির্বাচন হয়েছে। কোনো অনিয়মের কারণে ভোটকেন্দ্র বন্ধ কিংবা তদন্তের ঘটনা ঘটেনি।" শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে ভোটার, প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জনগণকে ধন্যবাদ জানান নির্বাচন কমিশনার। আগামী নির্বাচনগুলোয় যাতে কোনো ধরনের গোলযোগ না ঘটে সে বিষয়ে ইসি সতর্ক বলে জানান তিনি। ৭২ পৌরসভায় গড়ে ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, "স্থানীয় নির্বাচনে এই হারে ভোট পড়ে। তবে প্রচণ্ড শীতে ভোটার উপস্থিতি কম ছিল।" নির্বাচনী এলাকায় স্থানীয় সাংসদের উপস্থিতিতে এক ধরনের উত্তাপ ছড়ায় উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা উত্তেজনার সৃষ্টি করে। এ ধরনের ঘটনা দুঃখজনক। বৃহস্পতিবার খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় নির্বাচন হবে। এরপর ১৭ জানুয়ারি ঢাকা, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি ১৪ পৌরসভায় ভোট হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/পিডি/১৯২৪ ঘ.