ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আদালতপাড়া থেকে মামলার আসামিকে বাদি অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে থেকে হাজিরা শেষে ফেরার পথে আসামি তপন দত্তকে (৬৫) মামলার বাদি শেখ সাব্বির আহমেদ (৬৫) অপহরণ করেছে বলে মঙ্গলবার গভীর রাতে মামলা হয়েছে।
সূত্রাপুর থানায় মামলাটি করেছেন অপহৃতের স্ত্রী জলি দত্ত। তপন দত্ত এখনো নিখোঁজ। তারা বাড্ডা এলাকার নর্দ্দা জগন্নাথপুরের ২৭/ক নম্বর বাসায় থাকেন।
সাব্বির মিরপুরের আহম্মেদ নগরের ২৩৭/১ নম্বর বাসায় থাকেন। তিনি রাসায়নিকের ব্যবসা করেন।
অপহরণ মামলায় বলা হয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটায় তপন দত্ত তার আইনজীবী আমিনুল গনি টিটোর নাজমা ল' হাউজের চেম্বার থেকে রাস্তায় বেরিয়ে এলে সাব্বির ও তার সহযোগীরা তপনকে অপহরণ করেন।
অভিযোগে আরো বলা হয়, তপন দত্তের মোবাইল ফোনে কথা বলা হলে অপহরণকারীরা ফোন কেড়ে নিয়ে আইনজীবীকে বলেন, আপনি তপনকে মামলা থেকে বাঁচাতে পারবেন। কিন্তু তার জীবন বাঁচাতে পারবেন না ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জলি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। র পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তপনের আইনজীবী মাহবুব হোসেন রানা বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালের ২ অক্টোবর তারিখে তপনের বিরুদ্ধে সাব্বির পল্টন থানায় একটি অর্থ আত্মসাৎ মামলা করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল ঢাকার মুখ্য মহানগর হাকিমের ১৭ নম্বর আদালতে।
আইনজীবী বলেন, মামলার হাজিরা শেষে তাদের চেম্বার থেকে তপন বাসায় ফিরছিলেন। জনসন রোড থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় সব্বির এবং তার লোকজন।"
মাহবুব জানান, তাদেরও সাব্বিরের লোকজন ফোনে হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮২০ ঘ.
bdnews24