ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল এলাকায় বুধবার ভোররাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত হুমায়ূন কবির বিপ্লব (৩২) মতিঝিল কলোনী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মতিঝিল থানায় কয়েকটি মামলা আছে।
র্যাব বলছে, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মতিঝিলের ঝিলপাড় মাঠে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে বিপ্লব মারা যান।
র্যাব-৩ এর সহকারী পরিচালক মনজুর মোর্শেদ আনসারী সাংবাদিকদের জানান, র্যাবের একটি টহল দল ঝিলপাড় মাঠে কয়েকজন যুবককে দেখে চ্যালেঞ্জ করে।
তিনি বলেন, "এ সময় তারা র্যাব সদস্যদের লক্ষ করে গুলি চালায়। র্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
"পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলি, গুলির খোসা ও কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানান মনজুর মোর্শেদ।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, বিপ্লবের বিরুদ্ধে মতিঝিল থানায় বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এজে/১৩২৯ ঘ.
bdnews24