২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আহত দুই কর্মকর্তা, কারখানা ছুটি

সাভারের একটি পোশাক কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের হামলায় দুই কর্মকর্তা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

সাভার, জানুয়ারী ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের একটি পোশাক কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের হামলায় দুই কর্মকর্তা আহত হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করেছে। মজুরি বাড়ানোর দাবিতে হেমায়েতপুরে অবস্থিত বদরুন্নেছা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা সকালে বিক্ষোভ করার সময় এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- কারখানার উপ-মহাব্যবস্থাপক শহিদুর রহমান ও স্যাম্পল অপারেটর রইস উদ্দিন। পুলিশ জানায়, পোশাক প্রতি উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে কারখানার প্রায় আটশ' শ্রমিক সকাল ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। সকাল ৯টার দিকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা দুই কর্মকর্তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানায়, মজুরি কম দেওয়ায় তারা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান। কিন্তু কর্মকর্তারা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। শ্রমিকদের দাবিকে অযৌক্তিক উল্লেখ করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম সুজাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, কারখানায় বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল শ্রমিক রয়েছে। তারাই শ্রমিকদের উস্কে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, দুপুরে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া যেসব শ্রমিক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার থানায় মামলা করা হবে বলেও জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক। সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি বলেন, কর্তৃপক্ষ অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.