নরসিংদী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় এক যুগ পর নরসিংদীতে আবারো মদ পানে মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে শহরের রাঙ্গামাটি মহল্লায় মারা গেছে দুজন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাতে মদ পান করে রাঙ্গামাটি মহল্লার রমিজ উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (৫০) ও মোসলেম মিয়ার ছেলে কাউছার আলী (৪০) অসুস্থ্য হয়ে পড়েন।
মঙ্গলবার সকালে তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর শাহজাহান মারা যান। গুরুতর অসুস্থ কাউছারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ রানা কবীর সাংবাদিকদের জানান, মদে ভেজাল ছিলো অথবা বেশি পরিমান রেকটিফাইড স্পিরিট মেশানো হয়েছিলো।
১৯৯৯ সালে মদ পান করে নরসিংদীতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। মদে রেকটিফাইড স্পিরিট মেশানোর বিষয়টি তখন মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিলো।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নরসিংদীতে মদ আনা হয় ভৈরব থেকে। এই মদ পান করে দুজনের মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী অবিলম্বে মদ বিক্রির প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24