২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত অপর নাবিকও ফিরেছেন

সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া অপর বাংলাদেশি নাবিক জাফর ইকবালও ফিরেছেন তার চট্টগ্রামের বাসায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালীয় জলদস্যুদের হাত থেকে ছাড়া পাওয়া অপর বাংলাদেশি নাবিক জাফর ইকবালও ফিরেছেন তার চট্টগ্রামের বাসায়। সোমবার বিকাল ৩টায় ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ওমান থেকে চট্টগ্রাস আসেন বলে তার ছোটভাই মেহেদী কাউসার হিমেল জানান। এর আগে শনিবার ফিরেছেন অন্য নাবিক গিয়াসউদ্দিন আজম খান। মেহেদী কাউসার হিমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াসউদ্দিন আজম খান ফিরে আসার পর থেকে তাদের পরিবার উদ্বিগ্ন ছিল তার ফিরে আসা নিয়ে। এখন সবাই খুবই আনন্দিত। খুবই খুশি। জাফর ইকবালের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। পরিবারের সবাই থাকেন চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। মুক্তি পাওয়ার পর বাংলাদেশি দুই নাবিকই ওমান যান। সেখান থেকেই তার দেশে ফেরেন। গত বছরের ৮ মে এডেন সাগর থেকে জার্মান মালিকানার মারিয়া মারগারেট নামের জাহাজটি জলদস্যুরা ছিনতাই করে। এতে এই দুই বাংলাদেশি ছাড়াও ভারতের ১৯ এবং ইউক্রেনের এক নাবিক ছিলেন। অপর নাবিক গিয়াসের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। বাবা আবুল বাশার রাজউকের সহকারী পরিচালক। জাফরের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায় হলেও ছোটবেলা থেকেই তিনি বড় হয়েছেন চট্টগ্রাম নগরীতে। ফেরার পর গিয়াসউদ্দিন সাংবাদিকদের বলেন, আট মাস জিম্মি থাকার পর ডিসেম্বরের শেষ দিকে ৫৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে তাদের জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা। গিয়াসরা মুক্তি পাওয়ার পক্ষকাল আগে গত ৫ ডিসেম্বর ভারত মহাসাগরে ছিনতাই হয় বাংলাদেশি জাহাজ 'জাহান মনি'। ২৬ বাংলাদেশিসহ এ জাহাজটিকে সোমালিয়ায় নিয়ে গেছে জলদস্যুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩০৯ ঘ.